দুবাইয়ে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
দুবাইয়ে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক স্বাস্থ্য বিষয়ক সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের দ্য সেন্টার ফর ইন্টিগ্রেটিভ মেডিসিনের কনসালটেন্ট প্রফেসর ড. মজিবুল হক। তিনি প্রবাস জীবনে স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, সুস্থ থাকার জন্য শুধু চিকিৎসা নয়, বরং জীবনযাপনের সঠিক অভ্যাস গড়ে তোলাই সবচেয়ে জরুরি।
ড. মজিবুল হক তার বক্তব্যে আধুনিক চিকিৎসা ও প্রাকৃতিক চিকিৎসার সমন্বয়ে ইন্টিগ্রেটিভ মেডিসিনের গুরুত্ব ব্যাখ্যা করেন। তিনি বলেন, নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্যাভ্যাস, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং পর্যাপ্ত বিশ্রাম সুস্থ জীবনের মূল চাবিকাঠি। প্রবাসীদের কর্মব্যস্ত জীবনে এসব বিষয় উপেক্ষিত হওয়ায় নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায় বলেও তিনি সতর্ক করেন।
তিনি আরও বলেন, রোগ হওয়ার পর চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধে সচেতন হওয়াই সবচেয়ে কার্যকর পদ্ধতি। এজন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতন জীবনধারা অনুসরণের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
সেমিনারে অংশগ্রহণকারী প্রবাসীরা ড. মজিবুল হকের বক্তব্যকে অত্যন্ত বাস্তবসম্মত ও সময়োপযোগী বলে মন্তব্য করেন। আয়োজকরা জানান, প্রবাসীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের সেমিনার ভবিষ্যতেও ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।