29,185,530 YouTube Subscribers (all languages)

8,057 Success Stories

×

News-Details

news-1

ডাকসু ও আমেরিকান ওয়েলনেস সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক সই

11 Jan 2026

সেমিনারে আধুনিক জীবনযাত্রার নেতিবাচক প্রভাব, মানসিক স্বাস্থ্য, বিজ্ঞানভিত্তিক জীবনধারা এবং তরুণদের সুস্থতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ছবি: দেশকাল নিউজ।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও আমেরিকান ওয়েলনেস সেন্টারের যৌথ উদ্যোগে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

এই চুক্তির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমেরিকান ওয়েলনেস সেন্টারের সকল ধরনের ল্যাব টেস্টে ৫০ শতাংশ বিশেষ ছাড়ের সুবিধা পাবেন।

রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেমিনারে আধুনিক জীবনযাত্রার নেতিবাচক প্রভাব, মানসিক স্বাস্থ্য, বিজ্ঞানভিত্তিক জীবনধারা এবং তরুণদের সুস্থতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকান ওয়েলনেস সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর অধ্যাপক ডা. মুজিবুল হক। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যকর জীবনযাপন, ব্রেইন হেলথ, রোগ প্রতিরোধ এবং দীর্ঘমেয়াদি সুস্থতা নিশ্চিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. হালিদা হানুম আক্তার দেশের কিশোর ও তরুণদের মানসিক স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “একে অপরকে সহায়তা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং দায়িত্বশীল ডিজিটাল ব্যবহারের মাধ্যমে এই সংকট মোকাবিলা করা সম্ভব।”

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ও সম্মিলিত নারী প্রয়াসের সভাপতি ড. শামীমা তাসনিম বলেন, সুস্থতা কেবল শারীরিক সক্ষমতার নাম নয়; মানসিক ও আত্মিক পরিশুদ্ধতাও সমানভাবে জরুরি। ক্যাম্পাস পরিবেশ ও সামাজিক বাস্তবতা শিক্ষার্থীদের সুস্থতার ওপর গভীর প্রভাব ফেলে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন ড. মো. শামিম রেজা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে ‘স্মার্ট’ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিজ্ঞানসম্মত জীবনধারা, সঠিক খাদ্যাভ্যাস এবং ভাষা দক্ষতা উন্নয়নই ভবিষ্যৎ গঠনের মূল চাবিকাঠি।

ডাকসু ভিপি সাদিক কায়েম তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের আবাসন, পরিবহন, স্বাস্থ্যসেবা ও ধর্মীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে ডাকসুর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি যেকোনো সমস্যায় শিক্ষার্থীদের ডাকসুর সাথে যোগাযোগ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া, ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, ডাকসু সদস্য মোছা. আফসানা আক্তার এবং সাবিকুন নাহার তামান্না।